কক্সবাজারে সালাম স্টীলের ডিলার-রিটেইলার সম্মেলন; চট্টগ্রামে ওয়্যারহাউজ স্থাপনের ঘোষণা।
ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় ও গ্রাহকসেবা দ্রুততর করার লক্ষ্যে কক্সবাজারে সালাম স্টীল লিমিটেডের ডিলার ও রিটেইলারদের নিয়ে জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভা, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগস্ট ২০২৬, শনিবার রাতে কক্সবাজারের কলাতলীর হোটেল সায়মন বিচ রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম স্টীল লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম। এ সময় তার দুই মেয়ে ও এক মেয়ের জামাইও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালাম স্টীলের চট্টগ্রাম বিভাগীয় প্রধান নাসির মিয়া, দক্ষিণ চট্টগ্রামের ম্যানেজার এমরান, কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমন এবং কক্সবাজার জেলার সালাম স্টীলের এক্সক্লুসিভ ডিলার এজেএম স্টীলের স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ডিলার ও রিটেইলার।
অনুষ্ঠানের শুরুতে সালাম স্টীলের পরিচালক নুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় এজেএম স্টীলের স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ঢাকার মদনপুরে অবস্থিত সালাম স্টীলের মিল থেকে কক্সবাজার-টেকনাফে পণ্য পৌঁছাতে প্রায় চার দিন সময় লাগে। এতে ডিলার ও রিটেইলারদের পাশাপাশি গ্রাহকদেরও ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে তিনি চট্টগ্রামে সালাম স্টীলের একটি ওয়্যারহাউজ স্থাপনের দাবি জানান।
ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতে সালাম স্টীলের পরিচালক নুরুল ইসলাম বলেন, “চট্টগ্রামে একটি ওয়্যারহাউজ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই চেষ্টা করতেছি। আসার সময় আমি জায়গাটাও দেখে এসেছি। সেখানে কথাবার্তা চলতেছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই চট্টগ্রামে ওয়্যারহাউজ করব।”
তিনি আরও বলেন, “আপনাদের যা কিছু সমস্যা আছে, সব পূরণ করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম ওয়্যারহাউজ থেকে মাল ডেলিভারি দিলে কক্সবাজার-টেকনাফ পর্যন্ত সালাম স্টীলের রড-এ্যাঙ্গেল নিয়ে যে ডেলিভারি ক্রাইসিস আছে, সেটা আমরা দূর করে কক্সবাজারে সালাম স্টীলের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে নুরুল ইসলাম বলেন, “ভবিষ্যতে আমরা সিমেন্ট ফ্যাক্টরি করার কথাও চিন্তা-ভাবনা করতেছি। তখন কক্সবাজারসহ সারা বাংলাদেশকে নিয়েই আমরা কাজ করব ইনশাআল্লাহ।”
সভার শেষ পর্যায়ে সালাম স্টীলের পরিচালকের মেয়ে উপস্থিত ডিলার ও রিটেইলারদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, “আজকে আপনাদের মূল্যবান কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি। আপনারা কোথায় সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমাদের কোথায় উন্নতি করা দরকার, সেটা আমরা বুঝতে পেরেছি। আপনাদের এই সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “সালাম স্টীলকে আরও সামনে এগিয়ে নিতে হলে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আপনারা সালাম স্টীলের ওপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করলে আমরা চট্টগ্রাম ও কক্সবাজারে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।”
ভবিষ্যতে চট্টগ্রামে ডিলার ও রিটেইলারদের নিয়ে আরও বড় পরিসরে সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের সঙ্গে নিয়ে আজকের এই আয়োজনের মতো আগামীতে যেন আমরা চট্টগ্রামে আপনাদের সঙ্গে নিয়ে ডিলার এবং রিটেইলার কনফারেন্স করতে পারি, সে জন্য আপনারা দোয়া করবেন।”
তিনি আরও জানান, রড ব্যবসায় সাফল্যের পাশাপাশি ভবিষ্যতে আরও কয়েকটি কারখানা স্থাপন এবং সিমেন্ট ব্যবসা নিয়েও প্রতিষ্ঠানটি চিন্তাভাবনা করছে।
বক্তব্য শেষে তিনি উপস্থিত সকল ডিলার ও রিটেইলারকে নৈশভোজে অংশগ্রহণের আহ্বান জানান।
পরে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য উন্নতমানের নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের ফাঁকে ফাঁকে ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ডিলার ও রিটেইলাররা।
সবশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের সঙ্গে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে জমকালো এ আয়োজনের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন