২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলার অভিযোগ; অল্পের জন্য প্রাণে বাঁচলেন হেড মাঝি রফিক
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হেড মাঝি রফিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোছন (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামলার লক্ষ্যবস্তু হেড মাঝি রফিক।
সোমবার (১০ আগস্ট) ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ও ডি-২ ব্লকের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প প্রশাসনের নির্দেশনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকের মধ্যবর্তী এলাকায় যান ক্যাম্পের হেড মাঝি রফিক। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়।
হামলার সময় হেড মাঝি রফিক আত্মরক্ষার্থে দ্রুত মাথা নিচু করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার ঠিক পেছনে থাকা মো. হোছনের শরীরে গুলি লাগে। তিনি ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।
ঘটনার পর প্রাণভয়ে হেড মাঝি রফিক দ্রুত নিকটস্থ ৮ এপিবিএন ক্যাম্পে আশ্রয় নেন। তার দাবি, ‘ইসলাম গ্রুপ’-এর চিহ্নিত সশস্ত্র সদস্যরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে। তিনি দ্রুত মাথা নিচু করায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হোছনের শরীরে লাগে।
ঘটনার খবর পেয়ে ৮ এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।
গুলিবিদ্ধ হোছনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) রণি আলম নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেড মাঝি রফিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। বর্তমানে তিনি এপিবিএনের নিরাপত্তা ও আশ্রয়ে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ক্যাম্পের পরিস্থিতি আপাতত শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন