উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূতের সফর: প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের প্ল্যাকার্ড হাতে অবস্থান
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে বিভিন্ন ক্যাম্পে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন শত শত রোহিঙ্গা।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সার্জিও গোরের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কার্যক্রম এবং রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ৪ নম্বর এবং সংলগ্ন ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ক্যাম্পে শত শত রোহিঙ্গা রাস্তার দুই পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তাদের হাতে ছিল মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি-সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল—“You Have Your Home! We Miss Our Home!”, “No More Refugee Life, Returning Is Our Right” এবং “Enough is Enough”।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. জোবায়ের বলেন, “আমরা আর শরণার্থী হিসেবে জীবন কাটাতে চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের একটাই আবেদন—ত্রাণের পাশাপাশি নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে যেন দ্রুত আমাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।”
রোহিঙ্গাদের দাবি, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জীবন কাটানোর অবসান ঘটিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা হোক।


একটি মন্তব্য পোস্ট করুন