টেকনাফে ১২ বছরের শিশু অপহরণ; একদিন পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার একদিন পর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অপহরণের ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে। অপহৃত মো. আরাফাত (১২) স্থানীয় বাসিন্দা আবদুল মাবুদের ছেলে।
পরিবারের দাবি, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে মহিষ আনতে বাড়ি থেকে বের হয় আরাফাত। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
শনিবার বিকেলে পরিবারের এক পরিচিত ব্যক্তির মোবাইল ফোনে কল করে দুর্বৃত্তরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা আবদুল মাবুদ। তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার সন্তানকে জীবিত ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ঘটনার পেছনে পারিবারিক বিরোধ বা পূর্বশত্রুতার বিষয় থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি যাচাই করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধারের অভিযান শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন