চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি সিনিয়র সিটিজেনদের সঙ্গে নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ-উখিয়ার সৌজন্য বৈঠক
প্রকাশঃ
টেকনাফে চলমান অপহরণ, মানবপাচার, সীমান্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বিস্তার এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে "নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া"-এর প্রতিনিধিদের সঙ্গে টেকনাফ সমিতি চট্টগ্রাম-এর সিনিয়র সিটিজেনদের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে উভয় পক্ষের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর টেকনাফের অতীত থেকে বর্তমান পর্যন্ত অপহরণ, মানবপাচার, সীমান্ত নিরাপত্তা, জনজীবনের সংকট এবং এসব সমস্যার বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি টেকনাফের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক ঐক্য ও জনসম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরা হয়।
এ সময় নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া-এর প্রতিনিধিরা বলেন, “ এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, জনস্বার্থভিত্তিক ও প্রজন্ম রক্ষার আন্দোলন। দল-মত নির্বিশেষে টেকনাফ–উখিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণই এ আন্দোলনের প্রধান শক্তি। ”
বৈঠকে টেকনাফ সমিতি চট্টগ্রাম-এর সিনিয়র সদস্যগন বলেন,
"টেকনাফ আমাদের জন্মভূমি। জন্মভূমির নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ রক্ষার এই সংগ্রাম শুধু তরুণদের নয়, আমাদেরও। অরাজনৈতিক, যৌক্তিক ও জনকল্যাণমূলক এই উদ্যোগে আমরা পাশে থাকব এবং টেকনাফের মানুষের বৃহত্তর স্বার্থে সম্মিলিতভাবে কাজ করে যাব।"
বৈঠকে টেকনাফ সমিতি চট্টগ্রাম-এর সভাপতি মুক্তার আহমেদ-এর নেতৃত্বে সমিতির সিনিয়র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অপরদিকে, নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া-এর পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বৈঠকটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং টেকনাফের নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উভয় পক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন