মেরিন ড্রাইভে প্রাইভেটকারে মিলল ৮০ হাজার পিস ইয়াবা: কারবারি ইমন আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি;
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবাসহ ইমন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারে ব্যবহৃত সাদা রঙের একটি টয়োটা করোলা ভিআইপি প্রাইভেটকারও জব্দ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান প্রাইভেটকার যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে পাচার করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবির আভিযানিক দল সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। পরে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার চারকোনা বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারের মালিককে আটক করা হয়।
আটক ব্যক্তি হল, টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ডেইল পাড়া এলাকার বাসিন্দার কবির আহমদের ছেলে ইমন হোছাইন (২৮)।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং ৭ হাজার ৮০০ টাকা নগদ জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং চেকপোস্টভিত্তিক তল্লাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন