Ticker

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পৃষ্ঠাসমূহ

চলন্ত মাইক্রোবাসের ওপর উপড়ে পড়ল বিশাল শিরীষ গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রকাশঃ
অ+ অ-

 

হেলাল উদ্দিন টেকনাফ : 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার মধ্যে চলন্ত একটি যাত্রীবাহী মাইক্রোবাসের ওপর বিশাল একটি শিরীষ গাছ উপড়ে পড়ে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ভেতরে থাকা সব যাত্রী অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকেই টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় পুরো এলাকা বিপর্যস্ত ছিল। দুপুরে টেকনাফমুখী একটি কালো রঙের মাইক্রোবাস কানজরপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি বিশাল শিরীষ গাছ শিকড়সহ উপড়ে গাড়িটির ওপর আছড়ে পড়ে। এতে গাড়িটির ছাদ ও সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছটি কেটে সরিয়ে দেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সড়কে স্বাভাবিক চলাচল শুরু হয়।


টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত গাছ অপসারণের কাজ শুরু করে। ভেতরে থাকা সবাই নিরাপদে বের হতে পেরেছেন, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।"


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, "বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে।"


স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন